
রিপোর্টার

: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নিজেই নিশ্চিত করলেন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার সংসার আর টিকে নেই। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে বিচ্ছেদের কথা জানান।
তাহসান জানান, গত বছরের ৪ জানুয়ারি তাদের বিয়ে হলেও সম্পর্কের দূরত্ব তৈরি হয় অনেক আগেই। তিনি বলেন, “গত বছরের সেপ্টেম্বর মাসে আমার অস্ট্রেলিয়া সফরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।” সেই সময় থেকেই তারা কার্যত আলাদা জীবনযাপন করছেন।
বিচ্ছেদের প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে তাহসান খুব বেশি কিছু বলতে চাননি। তবে তিনি ইঙ্গিত দেন, বিষয়টি বেশ জটিল এবং সবকিছু চূড়ান্ত হলে ভক্তদের বিস্তারিত জানাবেন। আপাতত নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, “আমি শারীরিকভাবে ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছি।”
বর্তমানে তাহসান নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন। গান, সামাজিক যোগাযোগমাধ্যম—সবকিছু থেকেই দূরে থেকে তিনি একা ভ্রমণ করছেন এবং বই পড়ে সময় কাটাচ্ছেন। এই কঠিন সময়ে তিনি ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন।