
সিনিয়র রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: রোজার শুরুতেই সবার মনে একটি সাধারণ প্রশ্ন “এবার ঈদের ছুটি কত দিন?” সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের জন্য ৫ দিনের সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। চাঁদ দেখা অনুযায়ী যদি ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হয়, তাহলে সরকারি ছুটি শুরু হবে ১৯ মার্চ থেকে।
টানা ছুটির সম্ভাবনা
যদি কিছু বুদ্ধিমত্তা ব্যবহার করা যায়, সরকারি চাকরিজীবীরা এবার ৭ থেকে ১০ দিন পর্যন্ত টানা ছুটি উপভোগ করতে পারবেন।
টানা ১০ দিনের ছুটি
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মূল ঈদের ছুটি। মাত্র দু’দিন পরেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি ২৪ ও ২৫ মার্চ—এই দু’দিন নৈমিত্তিক ছুটি হিসেবে নেওয়া যায়, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের বিশাল অবকাশ সম্ভব হবে।
৭ দিনের ছুটি
যদি কেউ পুরো ১০ দিন ম্যানেজ করতে না পারেন, তবুও একটি সহজ উপায় আছে। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি, ১৮ মার্চ (বুধবার) মাত্র একদিন অফিস। এই একদিনের ছুটি নিয়ে শবে কদর থেকে শুরু করে ঈদ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।
মূল ঈদের ছুটি
সাধারণভাবে ১৯ থেকে ২৩ মার্চ এই ৫ দিনই মূল সরকারি ঈদের ছুটি। তবে মাঝের কার্যদিবসগুলোতে ছুটি সমন্বয় করলে এবারের ঈদ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুবর্ণ সুযোগ এনে দেবে।